রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭

ভোরের সাতকাহন (১০)

বাসি বিছানায় ঘুমের আদর মাখে
                          সপ্তাহান্তের আলসেমি,
কিছুক্ষন পাশাপাশি থাকা পাশবালিশে পড়ে থাকে অবাধ্য পা।
বিলাসপরায়ণ স্মৃতিরা আলতোভাবে ডানা মিলে দিলে
হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে স্বপ্নের কোলাজ!

পিঠের গন্ধে ঘুম ভেঙেছে মাঘীপার্বনের;
দুধপুলি আজ সমাঘ্রাত।
দিগন্তের চারপাশে ধোঁয়াশা সকাল আর
      দুর্বাঘাসে লেগে শিশিরের সম্মোহন,
মৃত্যুহীনতাকে আঁকড়ে স্মৃতিদের শুধু জন্মাতেই দেখি।
সিঁড়ি ধরে এগোবার কালে বহুমাত্রিক সময় দরজা খোলে
আমি এগিয়ে যেতে থাকি আর ধীরে ধীরে অতীত হয় নিম্নগামী।

সাতকাহন গেঁথে পেরিয়ে চলেছে বহুরূপী,
ভোরাই এখন থেকে গাইবে একতারার সুরে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন