শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

সেইসব নির্জন সন্ধ্যায়

সেইসব নির্জন সন্ধ্যায় -
কুয়াশা ভিড় করে আসে তীব্রতর অনুরাগে,
এক নষ্টনীড় গড়ে প্রতিটা মনের কোষে।
সহসা আশংকিত মেঘ জমার ভয়াল করিডোর খুলে যায়,
অভিমানী হৃদয় হতে বেদনা ফুটে ওঠে আচম্বিতে,
ব্যর্থমনোরথ এগিয়ে চলে- ভালোবাসা রয়ে যায় দিগন্তে,
কোথাও যেন সংজ্ঞাহীন সেতার বেজে ওঠে।

সেইসব নির্জন সন্ধ্যায়-
যখন মিছিল চলে যায় আঁকাবাঁকা ভাবনার পথ দিয়ে
কোথাও কি তখন বেরঙ শাড়িরজমিনে ভুল ছাপ পড়ে যায়!
জানি পাল্টে গেছে দাঁড়াবার জায়গাজমি,
নিঃস্ব করপুটে ধরে রেখেছি আজ অভিলাষহীন ভালবাসা।
এখনও কি প্রিয়ার ছবি আঁকো প্রেমিক - তোমার কবিতার ক্যানভাসে!
এখনও কি তোমার বিপ্লব অলংকৃত হয় ভালোবাসার সাজে!

সেইসব নির্জন নিঃসঙ্গ সন্ধ্যায় -
মানসলোকে রাত নেমে আসে বিস্ময়ের ভারে।
নহবতখানা তৈরি হয়ে গেছে ভাঙা আয়নার কাঁচে,
সানাইয়ের সুরে প্রকাশ হবে বিপ্লব কালো আঁধারচিত্র ফুঁড়ে।
প্রাক্তনের ঘরে তখন মোমবাতি জ্বলে স্মৃতির রোমন্থনে,
সূর্যের সরণি বেয়ে নেমে এসেছিল অভিষিক্তজন,
অন্যকৃত হয়েছে গ্রন্থমেলার আঙিনা,  শুধু প্রিয়া নেই কোনখানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন