শূন্যতাকে মাঝে মাঝে যাপন করি
এক অনাবিল নৈঃশব্দ্যে --
দিনরাতের এই উন্মত্ত শহরে ঘর্ষণের শব্দরা তুফান তোলে;
গলিতে গলিতে আজ ল্যাম্পপোস্ট,
ওরা অনবরত বাজার বসায়,
হাট বসায়,
তবুও সবাই কেমন যেন শূন্যকেই পরমায়ু দেয় একান্তে!
আমি সেই শূন্যতল খুঁজে বেড়াই সারাক্ষণ।
এই আলো --
এই শব্দময় শহরের মধ্যেও একটা নিজস্বতা চাই,
চাই নৈঃশব্দ্য...
আমি শূন্যকুম্ভেই স্বপ্নের মহড়া দেখি,
হারিয়ে যাই পৃথিবীর অন্য কোন প্রান্তে,
বসে পড়ি কোন পুকুরের পাশে রাখা বেঞ্চিতে।
পূর্ণিমাতিথির চাঁদকে দেখে আমি পিছু নিই তার
চাঁদের পানে চেয়ে থেকে হারিয়ে ফেলি দিন রাতের কারবারি,
ফিরে আসি প্রবন্ধে, গদ্যাংশে।
কোলাহলে কোলাহলে অনবরত হলাহল উঠে আসে:
একান্নবর্তী থালাগুলো দূর থেকে দেখি, সেও যেন আজ শূন্য!
দূর থেকে দেখি নিন্দুকের উত্তেজনা,
ঘরের ভেতর ঘর, তার ভেতর আর এক ঘর, তারও ভেতর আর এক...
বিরক্তিকর কোলাহলে আমি স্নান করি রোজ রোজ,
মাঝে মাঝে তাই শূন্যপথে চলে যেতে ইচ্ছে করে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন