মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬

ট্রেডমিলের বিস্তীর্ণ পথ

এক তমসা জড়িয়ে আছে তোমার গায়ে। 
তুমি রাতের বাসিন্দা হয়ে
জঙ্গলে ঘুরে বেড়াও, ছুটে বেড়াও। 

তোমার থেকেও অনেক আগে ছুটে চলেছে সিংহ।
তারও আগে আগে ছুটে চলেছে খরগোশ,
খরগোশের থেকেও জোরে জোরে হেঁটে চলেছে পিঁপড়ের দলটি,
নাম না জানা জন্তু থেকে পোকামাকড়
সবাই আমরা ছুটছি, ছুটতেই থাকছি।

(২)
শিয়াল ভেবে রাজ্যপাট সামলাতে গেলে
বড় ভ্রম হয়... দেখা হয়ে যায় মূর্খ সেই লোকটার সঙ্গে,
মূর্খতারূপ নিয়ে সে খেলে চলেছে অসুস্থতাজনিত খেলা।
কখনও মূর্খ লোকটাকে দানব ভেবে ভুল করি
ভুলে যাই সেও ছুটে চলেছে রোজ রোজ।

রোজ রোজ একটা করে তমসার বড়ি তুমি খেয়ে যাও
আর পেটের ভেতরে, 
মস্তিষ্কে বাড়তে থাকে বিষম আঁধার।

(৩)
শিকড় গেড়ে তুমি লাগালে ডালপালাযুক্ত এক গাছ --
সেও ছুটে চলেছে আরও বেশি ডালপালার জন্ম দিয়ে,
আরও বেশি লতাপাতা নিয়ে
জানলার ফাঁক গলে ঢুকে পড়েছে তোমার বেডরুমে,
এখন বড় বেশি ভীড় সেখানে।

(৪)
তুমিও কি ম্যারাথনে নাম লেখাও নি! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন