শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬

পরিণাম বিহীনতা


এক চিলতে খেয়ালী আঁধার
গাংশালিকের সোনালী ডানায় ভর করে জলকে যায়;
ঝলমলে উৎসবমুখর আলোর ফাঁকে মিছিল করে যায়
শহরের বুকচেরা কান্না,
জলবাগানের ফুটপাথে একে একে নেমে আসে মরচে-অবেলা।
ছলনাকারী নিকোটিন গ্রাসে কুয়াশা ঢেকে দিচ্ছে একটা শবদেহ--
আমি সেই শবদেহ ছুঁয়ে লিখে চলি শোকার্ত জীবলীলা।

দিনের ঘড়িঘর ছিল গোলাপজলে দ্রবীভূত ;
নিঃস্বতা সেঁচে এখন ব্রাত্যভাষায় গাঁথি হৃদয় জপমালা!
কাঁটাতারের ব্যারিকেডে লেগে আছে রক্তছাপ, উত্তুরে হাওয়ায় উড়ছে প্রতিশ্রুতিপত্র ;
গোলাপবৃন্ত থেকে কুঁড়ি ঝরে গেলে
আমার দেখা হয়ে যায় মাঝদুপুরের বহতা নদী।

তুমি-স্পর্শ পেলেই কি অভিমান পাবে জাতিস্মর !

১৬/১২/২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন